Site icon Doinik Bangla News

লাকসামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশের ইতিহাসে মহান স্বাধীনতা দিবস এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামে অবতীর্ণ হয়। এরই ধারাবাহিকতায় শুরু হয় মহান মুক্তিযুদ্ধ, যা নয় মাসব্যাপী ত্যাগ, সাহস ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিজয়ে পরিণত হয়।

এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় অসংখ্য শহীদের আত্মত্যাগ, নির্যাতিত মানুষের কষ্ট এবং স্বাধীনতার জন্য বাঙালির অদম্য আকাঙ্ক্ষার কথা। স্বাধীনতা দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও জাতীয় চেতনার প্রতীক।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়েছে। ভোর ৫টা ৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, লাকসাম সরকারি হাসপাতাল, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নারগিস সুলতানার কাছ থেকে স্বাধীনতা পুরষ্কার গ্রহন করছেন সংসদ সদস্য আবুল কালাম সাহেব। 

 

সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা। আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সহকারি কমিশনার ভূমি মিলন চাকমা। লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহাম্মদ, লাকসাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ জালাল সোহেল সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

বেলা ৯টার দিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। বেলুন উড়ানো ও কবুতর অবমুক্ত করার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর তারেক রহমানের পিতা জিয়াউর রহমান ও মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আবুল কালাম সাহেবকে মহান স্বাধীনতা দিবসের সম্মাননা পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নারগিস সুলতানা।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের অভিনয় নৃত্য ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে লাকসামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

Exit mobile version