
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দীর্ঘায়ু ও সফলতা কামনায় কুমিল্লার লাকসাম-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুদাফরগঞ্জ এলাকার পাশাপুরে অবস্থিত আবুল কালাম স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম এম. আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ তার বক্তব্যে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যারা বিগত সময়ে দলের দুঃসময়ে পাশে ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং সামনের সারিতে স্থান দিতে হবে।
তিনি আরও বলেন, নতুন যারা দলে যোগ দিচ্ছেন তাদেরও মূল্যায়ন করা হবে, তবে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবেন। দলের শক্তি ও ঐক্য ধরে রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

