সারাদেশে ভোট উৎসব, লাকসামে শান্তিপূর্ণ ভোটগ্রহণে বাড়ছে ভোটার উপস্থিতি।

 লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সকাল থেকেই সারাদেশে শুরু হয়েছে ভোট উৎসব। সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

রাজধানীসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর অবাধ ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। অনেকে বলেন, “বছরের পর বছর ভোট দিতে পারিনি—আজ নিজের ভোট নিজে দিতে পেরে সত্যিই ভালো লাগছে।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোথাও মোবাইল টিম ও  সেনাবাহিনীর টহল টিম ও র‍্যাবের টহলও দেখা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে কুমিল্লার লাকসাম উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ক্রমশ বাড়ছে। সকাল সকাল উত্তরদা ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পোলইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং উত্তরদা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে—প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক।

উল্লিখিত কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারাও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত লাকসাম উপজেলায় কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

সব মিলিয়ে সারাদেশের পাশাপাশি লাকসাম উপজেলাতেও সুস্থ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply