কুমিল্লার বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট।

বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ 

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা জুড়ে ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার এর উত্তর শ্যামপুর, এর পূর্ণমতি এবং এর বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। পরে বিকেলে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে উত্তর শ্যামপুরের সুমন ও লতিফ, পূর্ণমতির জালাল হোসেন ও জাহাঙ্গীর, বারেশ্বরের জাকির হোসেন এবং লড়িবাগের জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে সেগুলো আর ব্যবহার করা না যায়।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply