
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দক্ষিণ বাইপাস জোরপুল এলাকায় ইফতারের আগ মুহূর্তে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খিলাগামী একটি অটোরিকশা জোরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

