

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও (বিএনপি) মনোনীত প্রার্থী, আবুল কালাম এর সঙ্গে লাকসাম উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ তারিখ বেলা ০২ টার সময় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী অফিসার। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে নিজ নিজ নাম ও দপ্তরের পরিচয় তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, “লাকসামকে একটি সুন্দর ও আধুনিক উপজেলায় রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করলে আমরা আধুনিক লাকসাম গড়ে তুলতে সক্ষম হবো।” তিনি আরও বলেন, লাকসামে চাঁদাবাজি, মাদক কারবারি মাদক সেবন ও অনলাইন জুয়া—কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অপরাধী যে-ই হোক, এমনকি নিজ দলের লোক হলেও ছাড় দেওয়া হবে না।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এলাকার সমস্যা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন বাকই একটি খালের সুইজগেট সমস্যার কথা উল্লেখ করে জানান, বর্ষা মৌসুমে ডাকাতিয়া নদীর পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদ উল্যাহ সবুজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। এসময় এমপি ছোট ছোট প্রকল্পের পরিবর্তে দৃশ্যমান বড় প্রকল্প গ্রহণের তাগিদ দেন।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি ছাত্রদল ও যুবদলের ৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলেও জানান এমপি। উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, লাকসামের যানজটের অন্যতম কারণ ব্যাটারিচালিত অটোরিকশা। এ সমস্যা সমাধানে ইউনিয়নভিত্তিক ও পৌরসভাভিত্তিক অটোরিকশা পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি এলাকার অটোরিকশায় আলাদা রঙ ও চিহ্ন সংযোজনের মাধ্যমে শৃঙ্খলা আনা সম্ভব বলে সংশ্লিষ্টরা মত দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনে আলম জানান, লাকসাম সরকারি হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে এবং পুরনো ভবন নিলামের প্রস্তুতি চলছে।
উপজেলা ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম রিদান জানান, তার কার্যালয়ের মাধ্যমে লাকসামে প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং এসব প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে।
সভায় অংশগ্রহণকারীরা লাকসাম উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
