

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
লাকসামে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোট ৬৫,৬৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৬,৮৪৫ ভোট। ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী পেয়েছেন ২০,৮৪৪ ভোট।
এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকে ১২৮ ভোট, ফুটবল প্রতীকে ১০৩ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-এর ছড়ি প্রতীকে ৩৭ ভোট পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে প্রাপ্ত ভোট ১,৪৭৬।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১,০৮,৮৩৭টি, বাতিল ভোট ৩,৭৬৬টি এবং মোট প্রদত্ত ভোট ১,১১,৫৯৩টি। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৮৪.০২ শতাংশ।
নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটগ্রহণ চলাকালে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলাফল ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
