ছাত্রশক্তির উদ্যোগে কুমিল্লায় “হ্যাঁ যাত্রা কর্মসূচি”: আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত।

কুমিল্লা প্রতিনিধিঃ

দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিছিল। “গণভোটে হ্যাঁ বলি” শ্লোগানকে সামনে রেখে সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার বিকেলে কুমিল্লা কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহির আলম খান তালাত।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা রাফি, নাঈম আবেদীন, আহসান লাবীব, হৃদীসহ ছাত্রশক্তির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ অপরিহার্য। সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তরুণ সমাজের সচেতন অংশগ্রহণ জরুরি। “হ্যাঁ যাত্রা কর্মসূচি” এর মাধ্যমে দেশব্যাপী গণভোটের পক্ষে জনমত গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে সুশাসন, সংস্কার ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান।

কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-তরুণ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, দেশব্যাপী পর্যায়ক্রমে এই “হ্যাঁ যাত্রা কর্মসূচি” অব্যাহত থাকবে।

Leave a Reply