পেশাজীবী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের নিরাপত্তা ও মামলার আদেশ বাস্তবায়নের দাবি।

কুমিল্লা প্রতিনিধি:

মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এডভোকেট সাইদ শাওন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা জেলা শাখার সভাপতি রেজা খোকন, মানবতার অধিকার পক্ষে সদস্য এডভোকেট ইমরান পাশা, সেলিম মিয়া, সদস্য জিল্লুর রহমান এবং কুমিল্লা পাঠাগার আন্দোলনের সদস্য হাসান—সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের নিরাপত্তা নিশ্চিত ও তার দায়ের করা মামলার আদেশ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা সরকার পরিচালিত
১) জি আর মামলা নং–৮৫০/২৪ (তারিখ: ১৪.১১.২০২৪ ইং) এবং
২) জি আর মামলা নং–৮৫১/২৫ (তারিখ: ১৬.১০.২০২৫ ইং)
—এই দুটি মামলার মূল আসামিসহ সহযোগী আসামিদের বিরুদ্ধে আদালতের বিজ্ঞ আমলী আদালত–১ (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) এর আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে মামলার প্রেক্ষিতে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে আদালত প্রাঙ্গণের ভেতরে ও বাইরে কোনো ধরনের প্রাণনাশের হুমকি বা ষড়যন্ত্র প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বশেষ আদেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে রেফারেন্স সূত্রে চূড়ান্ত লিগ্যাল নোটিশ জারি করা হয়েছে বলেও জানা গেছে।

মানবাধিকার সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি স্বার্থান্বেষী মহলের টার্গেটে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভুয়া ওয়ারেন্ট কাগজ, মিথ্যা মামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেঞ্জার ও এসএমএসের মাধ্যমে ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ও তার পরিবারকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযুক্তরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল ও এসএমএসের মাধ্যমে হুমকি দিয়ে আসছে। এসব বিষয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে তদন্ত করে আদালতের অনুমতি সাপেক্ষে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নেতৃবৃন্দ প্রশ্ন তুলেন—সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের বিরুদ্ধে যদি কোনো মানবাধিকার লঙ্ঘন বা ক্ষতিকর ঘটনা ঘটে, তবে এর দায় কে নেবে? তার ও তার পরিবারের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে জানানো হয়, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র ইতোমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও অপরাধীদের বিষয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং ভিডিও নিউজ চ্যানেলে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, “আইন আইনের গতিতেই চলবে। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিকের ওপর হামলা, হুমকি বা ষড়যন্ত্র চলতে পারে না। এসব পেশাগত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সবশেষে মানবাধিকার সংগঠনগুলো সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply