
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, ধানের শীর্ষের প্রার্থী জননেতা আবুল কালামের পক্ষে প্রচারণার শেষ দিনে নেচে-গেয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভোট চেয়েছেন লাকসাম উপজেলা যুবদলের সম্মানিত সদস্য ও উত্তরদা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরদা ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সদস্য সচিব সাইফুল ইসলামের নেতৃত্বে মনপাল হাজী আনা মিয়া সুপার মার্কেট এলাকা থেকে এক বিশাল মিছিল বের করা হয়। ডোল ও বাঁশির তালে তালে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি মনপাল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর হয়ে খিলা বাজারে গিয়ে সংক্ষিপ্ত বিরতি দেয়। পরে পুনরায় রাজাপুর হয়ে মনপাল এলাকায় এসে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মিছিলে উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্টু ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (আয়নাল জাহাঙ্গীর), সহ-সভাপতি মিজানুর রহমান, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিনিয়র যুগ্ম আহবায়ক অহিদ আলম, বিএনপি নেতা আব্দুল মোতালেব, নুরু মোল্লা যুবদল নেতা মোশাররফ, শহীদ, সাইফুল, রিপনসহ উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও মনপাল ও রাজাপুর গ্রামের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কোনো অপপ্রচার বা গুপ্তচক্রের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে জনগণের শক্তি প্রদর্শনের আহ্বান জানান তারা। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জননেতা আবুল কালামকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
প্রচারণার শেষ দিনে এমন উৎসবমুখর ও শান্তিপূর্ণ কর্মসূচিতে এলাকায় উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মাঝেও ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ বাড়তে দেখা গেছে।

