লাকসামে মসজিদের টয়লেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং মিয়াজি বাড়ি জামে মসজিদের টয়লেটের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় মসজিদে নামাজ আদায়ের জন্য আসা মুসল্লিরা টয়লেটের ভেতরে একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে দেখলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে করে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে ঘিরে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন, হত্যাকাণ্ডটি অন্য কোথাও সংঘটিত হওয়ার পর মরদেহটি মসজিদের টয়লেটে ফেলে রাখা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর পুলিশ আশপাশের এলাকা ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply