লাকসাম বাইপাসে হিজড়াদের চাঁদাবাজি যানজট ও জনভোগান্তি।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম বাইপাস সড়কের হাউজিং মসজিদের সামনে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি হিজড়া গ্রুপের বিরুদ্ধে। ঢাকা–নোয়াখালী–কুমিল্লা সড়কে চলাচলকারী হাইস ও মাইক্রোবাস থামিয়ে নিয়মিতভাবে যাত্রী ও চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ৫–৬ জনের একটি দল ওই এলাকায় অবস্থান নিয়ে চলন্ত যানবাহন থামিয়ে চাঁদা দাবি করে। বিশেষ করে বিদেশফেরত যাত্রী ও দূরপাল্লার যাত্রীদের লক্ষ্য করে বেশি অংকের টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চাঁদার অংক কম হলে গাড়ি দীর্ঘ সময় আটকে রাখা হয়, ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের সঙ্গে বাগবিতন্ডা, ভয়ভীতি প্রদর্শন ও গাড়িতে আঘাত করার অভিযোগও পাওয়া গেছে। এতে প্রায়ই হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, ঘটনাস্থলের পাশেই রয়েছে ট্রাফিক পুলিশ বক্স। তবুও প্রকাশ্যে চাঁদাবাজি চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে দাবি স্থানীয়দের।

এ অবস্থায় প্রতিদিন সাধারণ যাত্রী ও প্রবাসীরা পড়ছেন চরম ভোগান্তিতে। অনেকে অনিচ্ছাসত্ত্বেও টাকা দিতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ প্রতিবাদ করায় হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। নিয়মিত টহল জোরদার, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে জননিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply