

লাকসাম(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লাকসামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
জীবনের প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে৷ আজ শুক্রবার জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা লাকসামে আসেন তিনি। এ উপলক্ষে দিনব্যাপী সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতে লাকসাম রেলওয়ে হাই স্কুল মাঠে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবাগত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন। পরে দুপুর ৩টার দিকে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও রাজঘাট বালুর মাঠে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবুল কালাম বলেন, “আপনারা যে আস্থা ও ভালোবাসা নিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এখন। আমি অক্ষরে অক্ষরে আমার দেওয়া অঙ্গীকার পালন করবো।”
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, “আমার কোনো নেতাকর্মী যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, আল্লাহর ওয়াস্তে তা পরিহার করুন। অন্য কোনো ব্যবসা করলে আমি সহযোগিতা করবো। কিন্তু মাদক ব্যবসা কোনোভাবেই বরদাশত করা হবে না।”
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। বিএনপি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু, খাল দখলমুক্তকরণ, পুনরুদ্ধার এবং খাল খনন কার্যক্রম দ্রুত শুরু হবে বলেও জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।
সন্ধ্যায় পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় লাকসাম উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে লাকসাম প্রেস ক্লাবের সদস্যরাও নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
