

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এনসিপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চলাকালে বিএনপি নেতাকর্মীদের দ্বারা এনসিপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা জেলা এনসিপি কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মনোহরগঞ্জ উপজেলায় চলমান শান্তিপূর্ণ কর্মসূচির সময় বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পিতভাবে এনসিপি মনোহরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
জেলা এনসিপির নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় এবং এটি গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। তাদের অভিযোগ, বিএনপি ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে সহিংস পথ বেছে নিচ্ছে। এ ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে এনসিপির রাজনৈতিক অগ্রযাত্রা রোধ করা যাবে না বলেও তারা মন্তব্য করেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মাজহারুল ইসলামসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। কোনো ধরনের সন্ত্রাস, হুমকি বা হামলার কাছে এনসিপির নেতাকর্মীরা মাথা নত করবে না। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও দৃঢ়ভাবে অব্যাহত থাকবে।
এদিকে, হামলায় আহত আব্দুল্লাহ আল মামুনের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে জেলা এনসিপি কমিটি।
