

আব্দুল্লাহ ফিরোজ, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। জরুরি সেবার অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত হন। সেখানে পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনী ও ডিবি পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বকেয়া বেতন পাচ্ছেন না। বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামেন।
প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে আশ্বাসের পরও শ্রমিকরা অবরোধ না সরালে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
