লাকসাম উপজেলা পরিষদ পুকুরে মাটি কাটতে গিয়ে গ্রেনেড উদ্ধার।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ পুকুরে মাটি কাটার সময় একটি গ্রেনেড উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলা পরিষদ পুকুর থেকে মাটি কেটে মাঠ ভরাটের কাজ চলাকালে শ্রমিকরা হঠাৎ একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে সেটি গ্রেনেড বলে ধারণা করে তারা দ্রুত উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আজ দুপুরের দিকে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। তবে কীভাবে এটি সেখানে এলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর বোম্ব ডিসপোজাল ইউনিট পুকুর এলাকায় আরও তল্লাশি চালায়, তবে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply