লাকসামের খিলা উত্তর বাজারে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মর্মান্তিক মৃত্যু।

লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেট সংলগ্ন সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন আনোয়ারা বেগম (৭৬), বাসিন্দা গাজীমুড়া, লাকসাম পৌরসভা এবং জাহানারা বেগম (৬৬), বাসিন্দা রাজাপুর, উত্তরদা ইউনিয়ন। তারা সম্পর্কে আপন দুই বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক দুই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন, তবে তাদের বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে লাকসাম রোড হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় উৎসুক জনতাকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও জড়িত ট্রাকটি আটক করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে ভিড় জমালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত বিচার ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply