খুলনায় নারীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলি উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ

খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর লবনচরা থানাধীন খুলনা–সাতক্ষীরা সড়কের নিজ খামার এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ–এর একটি টহল দল। এ সময় এক নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়।

পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২টি পিস্তল, ৩টি রিভলভার, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক নারীর নাম সুরাইয়া পারভীন সুমি। তিনি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, একজন নারীর কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।

ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply