আসন্ন রমজান ঈদকে ঘিরে লাকসামের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লাকসাম -এর শপিংমল ও বিভিন্ন মার্কেটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রমজান মাসের শেষভাগে এসে ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে।

বিশেষ করে পোশাকের দোকানগুলোতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভিড়। নারী, পুরুষ ও শিশুদের নতুন জামা-কাপড়, শাড়ি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। পাশাপাশি জুতা, কসমেটিকস ও ফ্যাশন সামগ্রীর দোকানেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদকে ঘিরে সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনে বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলছে জমজমাটভাবে। অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

তবে ক্রেতাদের ভিড়ের সঙ্গে সঙ্গে কিছু অসাধু চক্রের তৎপরতাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে। মার্কেট ও আশপাশের এলাকায় ছিনতাইকারী ও মলম পাটির আশঙ্কা থাকায় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। একই সঙ্গে ঈদের কেনাকাটা কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বাজারের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে।

নতুন সরকারের প্রথম ঈদকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লা অঞ্চলেও যানজট নিরসন ও নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করেন, যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হলে ঈদযাত্রা ও কেনাকাটা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

Leave a Reply