কুমিল্লায় ছুরিকাঘাতে মোবাইল ব্যবসায়ী গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা:

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিক মিয়া (৩৪) নামে এক মোবাইল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবি ইউনিয়নের শালধর সামারচর বড় পুকুরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়।

আহত আশিক মিয়ার স্ত্রী মাহফুজা ইসলাম কোতয়ালী মডেল থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, স্থানীয় তুহিন, মিলন মিয়া, মঞ্জিল মিয়া, আব্দুল জলিল, ফারুক, নুর আলী কবিরাজ, ইয়াসিন সেন্টু, ফয়সাল, রায়হান ও এনামুল হক রনিসহ আরও ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জেরে তার স্বামীর ওপর হামলা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়, কিছুদিন আগে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় সেনাবাহিনীর একটি অভিযানের পর অভিযুক্তরা আশিক মিয়ার ওপর সন্দেহ করে যে তিনি সেনাবাহিনীকে তথ্য দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তারা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে হামলাকারীরা আশিক মিয়ার পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে তুহিন ও মিলন মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট, বুক, হাত ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। এক পর্যায়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আশিক মিয়াকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় আশিক মিয়ার স্ত্রী মাহফুজা ইসলাম কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Leave a Reply