
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ০২ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে কুমিল্লা জেলার -এর আওতাধীন যশপুর বিওপি’র লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ‘কিং কোবরা’ ব্র্যান্ডের বাজি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,০৮,৯৪,০০০/- (এক কোটি আট লক্ষ চুরানব্বই হাজার) টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

