

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠালগ্ন থেকে লাকসাম উপজেলা রাজনীতিতে আব্দুর রহমান বাদল এক জীবন্ত কিংবদন্তি হিসেবে আজও সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন।
প্রায় ৩৯ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আশির দশকে ছাত্রদলের রাজনীতি দিয়ে তার পথচলা শুরু। সেই সময় তিনি লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালের উপজেলা নির্বাচনের পোষ্টার
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বহুবার জেল খাটতে হয়েছে, হামলার শিকার হতে হয়েছে এবং গুলিবিদ্ধও হয়েছেন। অনেক সময় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এমনকি রাজনৈতিক প্রতিকূলতার কারণে ব্যবসা-বাণিজ্য ছেড়ে পালিয়ে বেড়ানোর ঘটনাও ঘটেছে। তবুও তিনি রাজনীতি থেকে পিছিয়ে যাননি এবং নেতা-কর্মীদেরও কখনো ছেড়ে যাননি।
পলাতক জীবনেও তিনি দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর রাখতেন। যারা জেলে গেছেন তাদের পরিবারের খোঁজ নেওয়া এবং অনেকের মামলা পরিচালনার খরচও বহন করেছেন তিনি। দলের তৃণমূল সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে আব্দুর রহমান বাদলকে লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক প্রাণ হিসেবেই মনে করা হয়। তার হাত ধরেই বিগত সময়ে লাকসাম উপজেলা বিএনপি সুসংগঠিত ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।
দীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক জীবনে তিনি একটি দলেরই সমর্থক, কর্মী ও নেতা হিসেবে তৃণমূল থেকে উঠে এসে নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে পরিচিত।
স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, এর আগেও উপজেলা চেয়ারম্যান পদে নিশ্চিত বিজয়ের পথে থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে সেই জয় হাতছাড়া হয়। আওয়ামী লীগের প্রার্থী জোরপূর্বক কেন্দ্র দখল করে বিজয়ী হন বলে অভিযোগ রয়েছে।
তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান এবং জয়ের ব্যাপারে আশাবাদী। জীবনের শেষ পর্যায়েও তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূলের শক্ত সমর্থন থাকায় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আব্দুর রহমান বাদলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় ভোটাররা তার হাতেই লাকসামকে নিরাপদ বলে মরে করছেন। দিচ্ছেন ভোটের প্রতিশ্রুতি।
