

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি। এবার তাদের খপ্পরে পড়ে এক কিশোর অটোরিকশা চালক সর্বস্ব হারিয়েছেন। উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে, যেখানে অচেতন অবস্থায় ওই চালককে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগী চালকের বাড়ি বরুড়া উপজেলার উত্তরদা গ্রামে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক এবং জীবিকার তাগিদে প্রতিদিনের মতো যাত্রী নিয়ে লাকসামে আসেন। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে অজ্ঞান পার্টির সদস্যরা তার অটোরিকশায় ওঠে এবং পরিকল্পিতভাবে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত সটকে পড়ে।
ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন রাস্তার পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে। তারা তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পানি ছিটিয়ে ও আচার খাইয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরে তিনি কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। তার পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, লাকসামের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরেই অটোরিকশা চুরি ও ছিনতাই চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে অজ্ঞান পার্টির সদস্যরা সাধারণ চালকদের টার্গেট করে এ ধরনের অপরাধ করে যাচ্ছে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখা জরুরি। পাশাপাশি চালকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন তারা অপরিচিত যাত্রীদের ব্যাপারে সচেতন থাকেন এবং সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলেন।
স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
