

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জাতীয় যুবশক্তির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্য খুবই জরুরি জানিয়ে পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান জানান যুবশক্তির সভাপতি।
শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
সভায় জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, যুবশক্তি কখনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেনি। বরং যে কোনো জাতীয় সংকটে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।
জুলাইয়ের চেতনা এবং শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণে যুবশক্তি কাজ করবে জানিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, গত কয়েক বছরে বিশ্বব্যাপী ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের নেতাদের সাথে কথা বলে বৈশ্বিক যুব রাজনীতির নতুন প্যারাডাইমের আলোকে যুবশক্তিকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।
সভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।
জাতীয় যুবশক্তির ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
