

স্টাপ রিপোর্টার কুমিল্লা, ৩০ এপ্রিল: “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” স্লোগানে আয়োজিত দেশের উদীয়মান ক্রীড়া প্রতিভা অন্বেষণের অন্যতম আয়োজন “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উপলক্ষে সারাদেশে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা জেলাতেও উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০২ মে ২০২৬, শনিবার বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবে, যার মধ্যে কুমিল্লাও অন্যতম।
উদ্বোধনী আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কুমিল্লায় নির্ধারিত ভেন্যু জিমনেশিয়াম পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ভেন্যুর সার্বিক অবস্থা, অনলাইন সংযোগ ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি, দর্শক ব্যবস্থাপনা এবং অংশগ্রহণকারী শিশু-কিশোরদের জন্য প্রয়োজনীয় সুবিধাদি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন কুমিল্লা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণকারীরা মূল অনুষ্ঠানের সঙ্গে একযোগে যুক্ত থাকবে। এ জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারে।
আয়োজকরা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলার একটি জাতীয় উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর জীবনের কারণে শিশু-কিশোরদের শারীরিক কর্মকাণ্ড কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে এমন আয়োজন তাদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করবে এবং সুস্থ-সবল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক হবে।
