

ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ঐতিহ্য ও সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কলেজের বিভিন্ন সম্পদ ইতোমধ্যে দখল হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ওয়াকফ সম্পদের মূল দলিল উপেক্ষা করে ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে পোস্ট অফিসসংলগ্ন ২২১৬ দাগ ও প্রফেসর কলোনির জমি দখলের অভিযোগও তুলে ধরেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সর্বশেষ গত শনিবার ২২২২ দাগে ৭১ শতাংশ জমি দখলের চেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে এবং কলেজ ও ওয়াকফ সম্পদ রক্ষার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বক্তারা কলেজের সম্পদ রক্ষায় স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কথিত ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কলেজের অবশিষ্ট সম্পদ যেন বেদখল না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের সম্পদ দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। কলেজের পোস্ট অফিসসংলগ্ন রাস্তা ও ক্যাম্পাসের সীমানাপ্রাচীর নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি সীমানাপ্রাচীর নির্মাণকাজে বাধা দেওয়ার একপর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কাজের দায়িত্বে থাকা কলেজের সহযোগী অধ্যাপক ফখরুল লতিফের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে কলেজ প্রশাসন বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে জানালে তিনি উপজেলা প্রশাসন ও লাকসাম থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, উপমহাদেশের অন্যতম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জনকল্যাণে প্রায় ২৯৭ একর সম্পত্তি ওয়াকফ করে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বক্তাদের দাবি, ওই সম্পত্তির বড় একটি অংশ ইতোমধ্যে বেদখল হয়ে গেছে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি তদন্ত প্রতিবেদনে ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়টি উঠে এসেছে বলে দাবি করা হয়। প্রতিবেদনে জালিয়াতির মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যক্তিমালিকানায় দেখিয়ে ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান সৃজন এবং দখল ও বেচাকেনার অভিযোগের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী দিদার হোসাইন, রাকিবুল হাসান, আরাফাত হোসেন প্রমুখ। বক্তারা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে ধন্যবাদ জানান এবং কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
