

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অভিযানে ৫১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনে পৃথক ভাবে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একজনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা, ইস্কাপ সিরাপ ও টাপেন্টাডল ট্যাবলেট। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
