মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

লাকসামে অভিযান চালিয়ে উদ্ধার ৬ লাখ টাকার ব্যাটারি

স্টাফ রিপোর্টারঃ

মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, প্রায় ৬ লাখ টাকা বাজারমূল্যের দুটি ব্যাটারি এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে চারজনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তাঁদের মধ্যে একজনকে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোরে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের বিটিএস (BTS) রুমের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি করে দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে আরও ছয়টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভুজপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুস (৪২) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে ২৮ অক্টোবর আদালতের অনুমতিক্রমে গ্রেপ্তারকৃতদের দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপন (৪৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত আরও একটি নোহা মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. সোহাগ (৩৪), ঢাকার কেরানীগঞ্জের নুরার চর এলাকার আবুল হোসেন প্রকাশ বাবু লালের ছেলে সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), লাকসামের নাওটি মজুমদার বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে মো. শামসুদ্দিন (৪১), একই এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. মোজাম্মেল হক (৩২), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. ইউনুস (৪২) এবং লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও ঠাকুরপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম স্বপন (৪৪)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে দুটি নোহা মাইক্রোবাস, দুটি VISION 48V 100 AH ব্যাটারি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply