
কুমিল্লা প্রতিনিধি:
থানার একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও প্রায় কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মো. সুজন আহমেদ (৩৮) অবশেষে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত সুজন আহমেদ লালমাই থানার বেলঘর এলাকার মেসার্স নুর স্টোরের প্রোপ্রাইটর মো. নুরুল ইসলাম (নুরু মিয়া)’র ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় পাঁচটি পৃথক সাজা পরোয়ানা (সিআর-৭০৬/২০, সিআর-১৩৩/২১, সিআর-৭০৮/২১, সিআর-২০০/২১ ও ১৫/২২) বিচারাধীন ও কার্যকর ছিল। এসব মামলায় তাকে বিপুল পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে লালমাই এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।
জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসআই আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এএসআই রাকিবুল হাসান ও সঙ্গীয় ফোর্স বুড়িচং থানার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
লালমাই থানা পুলিশ জানায়, “আসামি সুজন আহমেদ আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিপুল অংকের অর্থদণ্ডসহ সাজা পরোয়ানা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

