

লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত (যুগ্ম সচিব) বিভাগীয় কমিশনার মোঃ মোতাহের হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন দপ্তর ও উত্তরদা ইউনিয়ন পরিদর্শন করেছেন। সোমবার (০৮ মার্চ) তিনি সরকারি কার্যক্রমের অগ্রগতি, সেবার মান এবং উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা করতে এই পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদ কার্যালয়, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জনগণের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে উত্তরদা ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(যুগ্ম সচিব) মোঃ মোতাহের হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা এবং উত্তরদা উনিয়ন পরিষদের প্রশাসক (চেয়ারম্যান) মানসী পালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। অতিরিক্ত যুগ্ম সচিব মোতাহের হোসেন বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
