
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো উপজেলা হয়ে ওঠে মুখর ও উৎসবমুখর। “দুনিয়ার মজদুর এক হও, এক হও—শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর রেলগেট, নোয়াখালী রেলগেটসহ বিভিন্ন এলাকা ঘুরে ধান বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় শ্রমিকদের অধিকার, সামাজিক ন্যায়বিচার, চাঁদাবাজি বিরোধী নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার, বহন করেন। অনেকেই মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। বৈরী আবহাওয়ার মধ্যেও অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম-মনোহরগঞ্জের সংসদ সদস্য এমপি আবুল কালাম। তিনি শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,
“দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। কৃষক ও শ্রমিকদের রক্ত-ঘামে উৎপাদিত ফসল এবং শ্রমের মাধ্যমেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তাই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“মহান মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিক-মালিক একসঙ্গে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।”
এসময় তিনি ১লা মে উপলক্ষে একদিনের জন্য লাকসামে সকল ধরনের ইজারা ফ্রি ঘোষণা করেন, যা উপস্থিত শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
নিজ বক্তব্যে এমপি আবুল কালাম বলেন দেশব্যাপী মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি বলেন,
গত ৩০ তারিখ থেকে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানান অপরাধী যেই হোক, নিজের দলের লোক হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।”
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌরসভা মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, টিআর হারুন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ঐক্যবদ্ধভাবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়। মহান মে দিবসের এ আয়োজন ঘিরে লাকসামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

