

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, গাছপালা এবং ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রবল বাতাসে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ উপড়ে পড়ে এবং অনেক গাছের ডাল ভেঙে যায়। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের বোরো ধানসহ বিভিন্ন ফসলি জমি।
ঝড়ের তীব্রতায় উপজেলার বেশ কিছু এলাকায় টিনশেড ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বসতঘরের ছাউনি উড়ে গেছে এবং গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। ফলে রাত এখন পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎহীন অবস্থার সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ এমন ঝড়ে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেকের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে, ফলে আর্থিকভাবে বিপাকে পড়েছেন তারা।
কালবৈশাখীর এ তাণ্ডবে লাকসামের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
