

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে কুমিল্লায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিপুল সংখ্যক আনসার-ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় মাঠ প্যারেড শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাদের বিলম্বে উপস্থিতির কারণে সদস্যদের দীর্ঘ সময় মাঠে রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সিনিয়র কর্মকর্তারা এসে নির্বাচনী দায়িত্ব, আচরণবিধি ও করণীয় বিষয়ে ব্রিফ করবেন—এই আশায় বেলা ৩টা পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হন তারা।
দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকা এবং খাবার ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক আনসার-ভিডিপি সদস্য অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। কয়েকজন সদস্য মাঠেই দুর্বল হয়ে পড়লে সহকর্মীরা তাদের পাশে দাঁড়ান এবং সাময়িকভাবে বিশ্রামের ব্যবস্থা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সময়মতো কার্যক্রম শুরু হলে আমাদের এত কষ্ট পেতে হতো না। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা এবং খাবারের ব্যবস্থা না থাকা মানবিক নয়।”
এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের দায়িত্বশীলদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের অভিমত, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত মাঠপর্যায়ের সদস্যদের প্রতি আরও দায়িত্বশীল আচরণ ও মানবিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, বিশ্রাম, খাবার ও পানির ব্যবস্থা রাখার জোর দাবি জানিয়েছেন তারা।
