কুমিল্লার লাকসামে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যাত্রীর।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে) চট্রগ্রাম থেকে ছেড়ে ঢাকাগামী আন্তঃ নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহজালাল। তিনি কুমিল্লার বড়ুরা উপজেলার ভাটারা গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে লাকসাম স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চলন্ত অবস্থায় ওঠার চেষ্টা করলে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পরে লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ সময় নিহতের পকেট থেকে নগদ ৩৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

এই দুর্ঘটনায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঈদকে সামনে রেখে যখন সবাই পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে, ঠিক সেই সময় শাহজালালের এমন মর্মান্তিক মৃত্যু সবাইকে ব্যথিত করেছে।

পরিবারের সাথে শেষবারের মতো দেখা করার সুযোগটুকুও আর হলো না তার।

Leave a Reply