

**স্টাফ রিপোর্টার | ২৮ এপ্রিল ২০২৬**
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আগামী কয়েকদিনে আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে কৃষি আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কৃষি আবহাওয়া তথ্য সেবা ইউনিট জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা, কুশিয়ারা ও ধনু-বাউলাই নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রতি সতর্কতা জারি করে জানিয়েছে, পাকা বোরো ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা, আইল মজবুত করা এবং অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বজ্রপাতের সময় মাঠে কাজ না করা, সার ও কীটনাশক প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখা এবং কলা ও অন্যান্য উচ্চমূল্যের ফসলের জন্য খুঁটির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
