

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় অপহরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালজালিয়াতি, হত্যাচেষ্টা, মানহানি ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযোগ এনেছেন পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র।
জানা গেছে, তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি এফআইআর দায়েরের পাশাপাশি আদালতে পৃথক সিআর মামলাও করেছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের বিভিন্ন সংস্থার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
অভিযোগ অনুযায়ী, চক্রের সদস্যরা নিজেদের প্রভাবশালী পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার এবং মানহানিকর কার্যক্রম পরিচালনা করছে। তারা পরিকল্পিতভাবে একটি অপরাধ সিন্ডিকেট গড়ে তুলে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দায়ের করা এফআইআর/জিআর মামলা নং-৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)-এ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই ঘটনার ধারাবাহিকতায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ সিআর মামলা (নং-৬১৫/২৬, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে রেকর্ডভুক্ত করেছেন বলে জানা গেছে।
মামলায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫০০, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় অবৈধ সমাবেশ, মারধর, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অপহরণ, প্রতারণা, মানহানি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, অভিযুক্তরা তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকার মানহানি ও আর্থিক ক্ষতি করেছে। বিষয়টি আদালতের মামলায় উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, চক্রটি সামাজিক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে “শুভ্র সনাতনী” নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগ করা হয়, অভিযুক্তদের মধ্যে কিছু ব্যক্তি পেশাদার দালাল, চাঁদাবাজ ও অপহরণকারী হিসেবে পরিচিত। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও সহযোগীরা সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন সময় অপরাধ সংঘটনে সহায়তা করে আসছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
