হাঁস-মুরগি, লাউ ও মৌসুমি ফল দিয়ে ওসিকে ব্যতিক্রমী বিদায়


নিজস্ব প্রতিবেদকঃ
বিদায়বেলায় প্রিয় কর্মকর্তার হাতে কেউ তুলে দিলেন বাড়ির গাছের লাউ, কেউ নিয়ে এলেন মৌসুমি ফল। আবার কেউ ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার দিলেন হাঁস, মুরগি ও ডিম। এমন ব্যতিক্রমী উপহারে আবেগঘন পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজমকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় এবং কর্মকালীন নানা স্মৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে একপর্যায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের ভালোবাসার বিশেষ প্রকাশ ঘটে উপহার দেওয়ার মধ্য দিয়ে। কেউ নিজের বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি ও ডিম নিয়ে অনুষ্ঠানে হাজির হন। স্থানীয়দের ভাষ্য, এসব উপহার কোনো আনুষ্ঠানিকতার অংশ নয়; বরং বিদায়ী কর্মকর্তার সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও ব্যক্তিগত ভালোবাসার বহিঃপ্রকাশ।

বিদায়ী ওসির জন্য হাঁস নিয়ে আসা জমেলা বেগম বলেন, স্যারে বিদায় অইয়া যাইতাছে। স্যারে অনেক ভালো আছিলো। এই কারণে স্যাররে হাঁস আর মুরগি উপহার দিয়ে দিলাম।

নিজের বাড়ির গাছের লাউ নিয়ে আসা এক নারী বলেন, উনি অনেক ভালো মানুষ। আমাগো বিপদে পাশে থাকছে। আমি খুশি হইয়া স্যারের লাইগা আমার গাছের লাউ নিয়া আসছি।

চরাঞ্চলের বাসিন্দা আছর আলী বলেন, আমাগো ভালোমন্দ দেখছে সে। চরের নিরাপত্তা দিছে। ডাকাত থেকে নিরাপদ ছিলাম আমরা। প্রতি বছর ডাকাতি হইছে, এই বছর কোনো ডাকাতই চরের মধ্যে ঢুকে নাই। খুব শান্তিতে বসবাস করছি। উনার প্রতি দোয়া করি, আল্লাহ উনাকে শান্তিতে রাখুক।

সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বিদায়ী ওসির দায়িত্ব পালনের প্রশংসা করে বলেন, ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেছেন। তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন।

নবাগত ওসি জেওএম তৌফিক আজম বলেন, আমাদের বদলির চাকরি। আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুরবাসীর কাছে সহযোগিতা চাই।

বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এ রকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখি নাই। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।

সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাত নেড়ে বিদায় জানান। দীর্ঘদিনের পরিচিত একজন কর্মকর্তাকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখেমুখে আবেগের ছাপও দেখা যায়।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জেওএম তৌফিক আজম দায়িত্ব গ্রহণ করেন। এর পরদিন বুধবার বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply