

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আবারও হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছেন কুমিল্লা লাকসামের এক সাংবাদিক। কুমিল্লার লাকসামে কলেজ ছাত্রীদের হয়রানির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী রুবেল।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি লাকসাম থানায় এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়,গোলাম মাহবুব ছোবহানী রুবেল দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি এবং বাংলা নিউজ টুয়েন্টি ফোরের ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ‘Laksam (City News)’ নামে একটি ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।
অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের দুই ছাত্রীকে হেনস্তার একটি ঘটনা ঘটে। ওই ঘটনার বিষয়ে গত ১৮ অক্টোবর নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করেন সাংবাদিক রুবেল। ওই পোস্টকে কেন্দ্র করে মনজুরুল হক নামে এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এবং পরবর্তী সময়ে ফেসবুক পেজের ইনবক্সে তাঁকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযুক্ত মনজুরুল হকের বাড়ি কুমিল্লার পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক রুবেলের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি পাওয়ায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তী সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী রুবেল বলেন, “মনজুরুলের হুমকি, ধমকি ও অশালীন আচরণের যাবতীয় প্রমাণ আমার কাছে রয়েছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করব।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য মানুষের সামনে তুলে ধরা। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠলে তা যথাযথ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
