ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১ হাজার ৫১০ পিস ট্যাবলেট ও ৩৫৫ বোতল সিরাপ উদ্ধার, জব্দকৃত পণ্যের মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা

ষ্টাফ রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ১ হাজার ৫১০ পিস এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ৩৫৫ বোতল উদ্ধার করা হয়।

জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানসংশ্লিষ্ট পণ্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও পাচার বন্ধে নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। এসব কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং দেশের অভ্যন্তরে অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply