লাকসামে আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে মামিশ্বর আশরাফুল উলুম ইসলামিয়া কমপ্লেক্স ও এতিমখানায় উৎসবমুখর পরিবেশে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ। শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল ও কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়, এখান থেকেই শিক্ষার্থীরা শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা লাভ করে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের চরিত্র গঠনের প্রতিও শিক্ষক ও অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।

বিশেষ অতিথি মো. আব্দুর রহমান বাদল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, সততা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে হবে। শিক্ষার প্রসার এবং এতিম-অসহায় শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। এ উপলক্ষে মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অতিথিরা গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রকৌশলী সাকিকুল জাহান রিদান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্যাহ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্না,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুন্নাহার, উত্তরদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মাদরাসার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সনদ ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষা, মানবিকতা ও পরিবেশ সচেতনতার এক সুন্দর সমন্বয়ে পরিণত হয়।

Leave a Reply