

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে পৌরশহরের পূর্ব বাজারের গন্ডামারা জবাইখানা এলাকার সড়কে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সমবেত হয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনার তথ্য পায় পুলিশ।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যান। পরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩৮), ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হারুনুর রশীদ (৪৬), ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৩২), বাকই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন (৪০), কান্দিরপাড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৪৪), আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল ইসলাম স্বপন (৪৩)।
এ ছাড়া বাকই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রাসেল (৩৮), মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম (২০), একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মানিক (২২) এবং গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন (৩০) রয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় লাকসাম থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫/১৩৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬।
মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
