কুমিল্লা কোটবাড়ি থেকে নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার

একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঝোপ থেকে মিলল মরদেহ, তদন্তে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর ১৩ বছর বয়সী কিশোর ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে দক্ষিণ মোড় এলাকার একটি ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। সে কুমিল্লার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে আসছিল। এরই মধ্যে শনিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর ঘটনাস্থলে তার পরিবারের সদস্য ও স্বজনরা ছুটে যান। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের মা।

কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের মা বলেন, শুধুমাত্র একটি আইফোনের জন্য আমাদের ছেলেটাকে মেরে ফেললি! এই রকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি, আমরা দিতাম।

তবে অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং তার নিখোঁজ হওয়ার সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারা জড়িত, সেটিও তদন্তাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনাটি ঘিরে কোটবাড়ি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অপ্রতিমের মৃত্যুর রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা।

Leave a Reply