কুমিল্লায় পরিত্যক্ত বস্তায় বিদেশি পিস্তল ও ২ ম্যাগাজিন উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় একটি পুরোনো প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন দেখতে পায় বিজিবি সদস্যরা।

পরে উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়। এসব অস্ত্রের উৎস এবং কারা সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্যের চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ১০ বিজিবি।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply