

কুমিল্লা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবন ও স্থাপনায় জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। এ সময় এডিস মশার লার্ভা ও পানি জমিয়ে রাখার অভিযোগে তিন ভবন মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়। ভবনের নির্মাণসামগ্রী রাখার স্থান, লিফটের খোপসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিদর্শন করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। তিনি জানান, ঝাউতলা এলাকার পানি ভবন সড়কে একটি চিকিৎসকের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় একটি ভবনে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ঝাউতলা নিরাময় হাসপাতালের গলিতে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকতে দেখা যায়। এ ঘটনায় ভবন মালিককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, “আজকে সিটি করপোরেশনের মশক নিধন টিম আমাদের সহযোগিতা করেছে। পরবর্তীতে আমরা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদদের টিমের সহযোগিতা নিয়ে লার্ভা পরীক্ষায় নামব। যারা আমাদের সতর্কতা মানছেন না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আবদুস সালাম, ফুড অ্যান্ড স্যানিটারি অফিসার নাজিম উদ্দিন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জুয়েলসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন কর্মকর্তারা জানান, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীকে সচেতন করতে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
