দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ মহল্লাদার হলেন ‘গ্রাম পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ’ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের প্রচলিত দুটি পদবিতে আনুষ্ঠানিক পরিবর্তন এলো।

সোমবার (২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫ সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মূল বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

এর ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পদবি এখন থেকে নতুন নামে পরিচিত হবে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে আনুষ্ঠানিক পরিবর্তন কার্যকর হলো।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধে তথ্য প্রদান, প্রশাসনিক কাজে সহযোগিতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Leave a Reply