লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে আমের শহর রাজশাহীতে আনন্দ ভ্রমণ।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রতিবছরের ধারাবাহিকতার অংশ হিসেবে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণ । দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রেস ক্লাবের সদস্যরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

ভ্রমণের শুরুতে সাংবাদিকরা রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ী ও এর প্রাচীন স্থাপত্য নিদর্শন ঘুরে দেখেন। পরে তারা দৃষ্টিনন্দন রাজশাহী মহানগরী এবং দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ, সবুজ ক্যাম্পাস ও বিভিন্ন স্থাপনা সদস্যদের মুগ্ধ করে।

এরপর দলটি পদ্মা নদীর তীরবর্তী মনোরম কাশবন, বিস্তীর্ণ চরাঞ্চল এবং বিখ্যাত আমবাগান ঘুরে দেখে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসব স্থান ভ্রমণকারীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ এনে দেয়। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনও পরিদর্শন করা হয়।

দুই দিনব্যাপী এই সফরে লাকসাম প্রেস ক্লাবের ২২ জন সদস্য অংশগ্রহণ করেন। ভ্রমণকালে সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ পান।

সফর শেষে অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Leave a Reply