লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নেতৃবৃন্দ। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার ৬ নং উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের সমর্থনে উত্তরদা ইউনিয়নে ৩নং ওয়ার্ড তপইয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বাদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুশু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, উত্তরদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক লতিফুর রহমান খোকন, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাটোয়ারী এবং লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুন নবী মহসিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন উত্তরদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছোয়াব মজুমদার। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত দল গড়ে তুলতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, জনগণের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে সভাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় জোরদারের একটি উপলক্ষ হয়ে ওঠে।

Leave a Reply