

নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা মৎস্য ভবনসংলগ্ন ডেইলি টাইমস নিউজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়।
সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যদের দায়িত্ব পালনের বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থা, বিভিন্ন উপজেলায় কমিটি গঠন এবং কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্ব পালনে নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অতীতে নির্যাতন, হামলা ও সহিংসতার শিকার হয়ে আহত বা নিহত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক, মানবিক ও প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, জেলা কমিটির জরুরি তহবিল গঠন, মাসিক চাঁদা নির্ধারণ এবং সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে খেলাধুলার আয়োজন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় জেলা কমিটির দপ্তর ও অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্বশীলদের পরিবর্তনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পরে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, মানবাধিকারকর্মী, সংগঠনের সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
