সেনাবাহিনীর গাড়িতে কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী, মা ও নবজাতক সুস্থ

নিজস্ব প্রতিনিধিঃ

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী। পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবানের রুমা উপজেলার সুনসুং পাড়ায় ওই অন্তঃসত্ত্বা নারী প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে ওই নারীকে হাসপাতালে নেওয়ার জন্য এগিয়ে আসে। পরে সেনাবাহিনীর গাড়িতে করে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে মুনলাই পাড়ার কাছাকাছি পৌঁছালে প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়িতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তাঁর পরিবারের সদস্য ও একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।

সন্তান জন্মের পর সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক উদ্যোগ ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন নবজাতকের পরিবারের সদস্যরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি মুহূর্তে এমন সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদানেও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। রুমায় প্রসূতি নারীকে জরুরি সহায়তা প্রদানের এ ঘটনা সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনসেবামূলক ভূমিকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply