৫ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র ১ হাজার’ মিস ম্যানেজমেন্ট বললেন এমপি আবুল কালাম

নবীন বরণে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপি আবুল কালামের

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের নবীন বরণ ও ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ ও ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকার পরও তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কলেজে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী থাকলেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আনুমানিক এক হাজারের মতো। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে শিক্ষার্থীদের এমন কম উপস্থিতি প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এমপি আবুল কালাম। তাঁর বক্তব্যে উঠে আসে, বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হলেও শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণ প্রত্যাশা অনুযায়ী নিশ্চিত করা যায়নি। তিনি বিষয়টিকে ‘মিস ম্যানেজমেন্ট’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে করার ওপর গুরুত্ব দেন।

নবীন বরণ অনুষ্ঠানের আগে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি আবুল কালাম। এ সময় কলেজের শিক্ষকদের উপস্থিতি না থাকার বিষয়টি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

তিনি বলেন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর নাম ও অবদানের সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস গভীরভাবে জড়িত। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি থাকা প্রত্যাশিত।

অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভূমিকা নিয়েও কথা বলেন এমপি আবুল কালাম। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদল, লাকসাম উপজেলা ছাত্রদল এবং লাকসাম পৌরসভা ছাত্রদলের তিনটি ইউনিট অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও আয়োজনটি প্রত্যাশিত মাত্রায় প্রাণবন্ত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি সংশ্লিষ্ট নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বলে জানা গেছে।

তবে নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি সদস্যদের কার্যক্রম ছিল সুন্দর প্রাণবন্ত এমপি মহোদয়কে রিসিভ করে শুভেচ্ছা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন বিএনসিসি সদস্যরা।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ মুনির আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান। মোঃ মনিরুল ইসলাম খান,পদার্থ বিজ্ঞান ,মোঃ অলি উল্যাহ ভুঞা, বিভাগীয় প্রধান গণিত।
মোঃ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান।মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ লাকসাম উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এর মধ্যে কলেজের ক্যান্টিনের সমস্যা এবং শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য একটি বড় অডিটোরিয়ামের প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত অবকাঠামো প্রয়োজন। একটি বড় অডিটোরিয়াম নির্মাণ করা হলে শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, সাংস্কৃতিক কার্যক্রম ও সভা আয়োজন সহজ হবে।

শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনার পর জবাবে এমপি আবুল কালাম বলেন, শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় যেন অর্থনৈতিক সমস্যা বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও তিনি সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়লে বিষয়টি তাঁকে জানাতে হবে। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রধান দায়িত্ব তাদের নিজেদের। তাই সময়ের সঠিক ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

এ সময় ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবুল কালাম।

তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের এসব বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কলেজের পরিবহন ব্যবস্থার বিষয়টিও অনুষ্ঠানে উঠে আসে। বর্তমানে কলেজে দুটি বাস রয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বাসের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

এ বিষয়ে এমপি আবুল কালাম বলেন, কলেজের শিক্ষার্থীদের একটি বড় অংশ যদি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, তাহলে পরিবহন সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি সহযোগিতা করবেন। বিশেষ করে প্রতিদিন যদি কলেজের ৯০ শতাংশ শিক্ষার্থী নিয়মিত উপস্থিত থাকে, তাহলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নতুন বাস দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে সাফল্য কামনা করে তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে।

Leave a Reply